নিজস্ব প্রতিবেদক: বরিশালের নদীভাঙন সমস্যা স্থায়ীভাবে নিরসনে সরকারের জরুরি উদ্যোগ এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
রহমাতুল্লাহ বলেন, বরিশালের নদীভাঙন দীর্ঘদিনের একটি জটিল সমস্যা। প্রতিবছর নদীগর্ভে বিলীন হচ্ছে অসংখ্য বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। ফলে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। তিনি নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি টেকসই প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য ঘরে বসে টাকা ইনকাম
মানববন্ধনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া, চন্দ্রমোহন, চরমোনাই ও শায়েস্তাবাদ ইউনিয়নের নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শত শত মানুষ অংশ নেন। এ ছাড়া স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের সদস্য সচিব ইলিয়াছ আহমাদ এর সঞ্চালনায় এবং আব্দুর রহমান বিশ্বাস স্মৃতি পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. সালাম রাঢ়ী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু, চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি নেতা ইসরাইল পণ্ডিত, শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মো. জাহাঙ্গীর, টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন, জাগুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম তপন, বরিশাল মহানগরের ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান আলমগীর, মহানগর যুবদল নেতা মো. মাসুম, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ আল মামুন, নগর ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদার, বিএম কলেজ ছাত্রদল নেতা আকবর মুবীন, চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল নেতা নাইমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।































