রাজধানীর বংশালের সিদ্দিকবাজার এলাকায় সাত তলা ভবনের ছাদ থেকে পড়ে মো. রিফাত হাসান নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রিফাত রাজবাড়ী সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের আবুল হাসনাতের ছেলে। পরিবারের সঙ্গে বংশালের সিদ্দিকবাজারে নিজ ফ্লাটে থাকত সে।
রিফাতের মা কুলসুম বেগম বলেন, বিকেলে ছাদে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয় রিফাত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
































