লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। এতে গুরুতর আহত হয়েছেন থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। আহত হয়েছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল লতিফও।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানায়, মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেফতারের উদ্দেশে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ অভিযান চালান। অভিযানের একপর্যায়ে রাশেদ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ।
হামলায় এসআই রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাকে রক্ষা করতে গেলে আহত হন এএসআই আব্দুল লতিফও। পরে স্থানীয়দের সহায়তায় দু’জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এসআই রুহুল আমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকে রংপুরের একটি বেসরকারি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে। হামলায় জড়িত রাশেদুল হক রাশেদসহ অন্যদের গ্রেফতারে বিশেষ অভিযান চলছে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও অভিযান চালাচ্ছে।































