খুলনার পাইকগাছায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামে এক শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বিদ্যালয়ে ক্লাশ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। আহত আফিয়া ইভনাত আলভী ৪৭ নম্বর হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে প্রতাপকাটি গ্রামের আব্দুল কুদ্দুস খানের মেয়ে।
জানা গেছে, শ্রেণিকক্ষে ফ্যান চলার সময় হঠাৎ সেটি খুলে পড়ে। এ সময় ফ্যানের হাতল শিশুটির নাকে আঘাত করে। এতে তার নাক ও মুখ কেটে গিয়ে গুরুতর আহত হয়।
পরে তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় কপিলমুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও সেলাই দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আহত শিশুর বাবা আব্দুল কুদ্দুস খান বলেন, ফ্যানের আঘাতে আমার মেয়ে গুরুতর আহত হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ হয়নি। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন ভবনে ফ্যানটি লাগানো হয়েছিল। কোনো কারণে ফ্যানের নাট খুলে গেলে সেটি প্রথমে টেবিলের ওপর পড়ে। পরে সেখান থেকে ছিটকে ফ্যানের হাতলটি শিশুটির নাকে লাগে। বিদ্যালয়ের পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে সে মোটামুটি সুস্থ আছে।

































