খেলা ডেস্ক: বিয়ের ফুল ফুটল পর্তুগিজ ফুটবল কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর। ৪১ বছর বয়সী এই তারকা এখন আইনগতভাবে বিবাহিত। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন তিনি।
কয়েক দিন ধরেই রোনালদোর বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত গতকাল মঙ্গলবার সেই গুঞ্জনই সত্যি হলো। পর্তুগালের সৈকত শহর কাসকাইসে এক পারিবারিক অনুষ্ঠানে জর্জিনাকে বিয়ে করেন রোনালদো। বাগ্দানের ঘোষণার ঠিক এক বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন তাঁরা।
রোনালদোর প্রতিনিধিরা বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে জর্জিনা ও রোনালদোর দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্ক পেল পরিণতি। রোনালদোর জনসংযোগের দায়িত্বে থাকা ব্রান্সউইক গ্রুপ এএফপিকে জানিয়েছে, সম্পূর্ণ ব্যক্তিগত ও ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত বিয়েতে দম্পতির পাঁচ সন্তান উপস্থিত ছিল।
বাংলাদেশ সময় গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেন রোনালদো। ছবিতে দেখা যায়, জর্জিনার হাতের ওপর রাখা রোনালদোর হাত। দুজনের অনামিকায় শোভা পাচ্ছে আংটি। ক্যাপশনে ‘সি’ ও ‘জি’ অক্ষরের মাঝে ভালোবাসার ইমোজি ব্যবহার করেন তিনি। এতেই ভক্তদের কাছে পরিষ্কার হয়ে যায় তাঁদের বিয়ের খবর।
গত বছর ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে রোনালদোর বাগ্দত্তা হওয়ার খবর জানিয়েছিলেন জর্জিনা। ছবিতে তাঁর অনামিকায় বড়সড় একটি আংটি দেখা যায়। এক বছর পর সেই হাতের ছবিই যেন নতুন অর্থ পেল এবার জর্জিনার হাতের ওপর ভালোবাসা ও ভরসার প্রতীক হয়ে থাকল রোনালদোর হাত। আইনগতভাবে এখন তাঁরা স্বামী-স্ত্রী।
পর্তুগিজ সংবাদমাধ্যম গুলোয় আগে গুঞ্জন ছিল, লিসবনের বাইরে সিনত্রা কিংবা আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দ্বীপ মাদেইরায় রোনালদোর জন্মশহরে তাঁদের বিয়ে হতে পারে। মাদেইরার ফুনশালের একটি গির্জায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে—এমন খবর ছড়িয়ে পড়লে গির্জাটির সামনে শত শত মানুষ ভিড় করেন। পরে অবশ্য জানা যায়, বর-কনে এলেও তাঁরা রোনালদো ও জর্জিনা নন।
গির্জা কর্তৃপক্ষও আগে এএফপিকে জানিয়েছিল, সেখানে রোনালদোর বিয়ের কোনো অনুষ্ঠান নির্ধারিত নেই। শেষ পর্যন্ত লিসবন থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে সৈকত শহর কাসকাইসকে বিয়ের ভেন্যু হিসেবে বেছে নেন রোনালদো-জর্জিনা। সেখানে তাঁদের একটি ভিলাও রয়েছে।
৩২ বছর বয়সী জর্জিনার জন্ম আর্জেন্টিনার বুয়েনস এইরেসে। ২০১৬ সালে মাদ্রিদে গুচির একটি শোরুমে বিক্রয়কর্মী হিসেবে কাজ করার সময় রোনালদোর সঙ্গে তাঁর পরিচয়। সেখান থেকেই সম্পর্কের শুরু। জর্জিনার ভাষায়, সেটি ছিল প্রথম দেখাতেই প্রেম।
২০২৫ সালে ভোগ অ্যারাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্জিনা জানিয়েছিলেন, রোনালদোর সান্নিধ্যে আসার পর তাঁর মনে হয়েছিল, আমরা একে অপরকে চিরকাল ধরে চিনি।
২০১৭ সালের জানুয়ারিতে ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে প্রথমবারের মতো দুজনকে একসঙ্গে জনসমক্ষে দেখা যায়। একই বছরের মে মাসে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জর্জিনার সঙ্গে সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান রোনালদো।
দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের অসংখ্য সাফল্যের পর এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন রোনালদো। এক দশকের প্রেমের সম্পর্ককে বিয়ের বন্ধনে আবদ্ধ করে জর্জিনার সঙ্গে শুরু করলেন জীবনের নতুন পথচলা।
































