মানবসেবায় বাড়াই হাত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ৩ দিনব্যাপী ‘জীবনের পথ উপজেলা গার্ল গাইড ক্যাম্প-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পজুড়ে গার্ল গাইডদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, ব্যবহারিক কার্যক্রম ও সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার মিস রেকসোনা খাতুন। গার্ল গাইডদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামীর আলোকবর্তিকা। সেবা, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, হোসেনপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক এবিএম ছিদ্দিক চঞ্চল, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম রাশেদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রওনক জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি কাজী আছমা বেগম।
সমাপনী পর্বে ক্যাম্পে অংশগ্রহণকারী গার্ল গাইডরা প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা, নেতৃত্ব বিকাশ, পরিবেশ সংরক্ষণ ও মানবসেবামূলক কার্যক্রমের ওপর বিভিন্ন ব্যবহারিক প্রদর্শনী উপস্থাপন করেন। তাদের প্রদর্শনী উপস্থিত অতিথি ও দর্শণার্থীদের প্রশংসা কুড়ায়। পরে ক্যাম্পে সফলভাবে অংশগ্রহণকারী গার্লস গাইডদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
আয়োজকরা জানান, কিশোরীদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং মানুষের প্রতি দায়িত্ববোধ ও সমাজসেবার মানসিকতা গড়ে তোলাই এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পের কার্যক্রম ভবিষ্যতে হোসেনপুর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানের শেষপর্বে, অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। এ সময় গার্ল গাইডসদের মানবসেবা, পরিবেশ রক্ষা ও সমাজকল্যাণমূলক কাজে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়। তিন দিনের এ ক্যাম্পের মধ্য দিয়ে হোসেনপুরের কিশোরীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও মানবসেবার যে প্রত্যয় তৈরি হয়েছে, তা ভবিষ্যতে সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।


































