গত কয়েকদিন ধরে দেশজুড়ে চলা তাপপ্রবাহের মধ্যে ১০ দিনে ৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
রোববার (২১ এপ্রিল) থেকে ৩০ এপ্রিলের মধ্যে এ কর্মসূচি শেষ করতে সারাদেশের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে।
শনিবার ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত যেকোনো সংকট থেকে সমাধানের অন্যতম উপায় বৃক্ষরোপণ। প্রতিবছর নিয়মিতভাবে ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। পরিবেশ দিবসকে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে।
এতে আরও বলা হয়, সাম্প্রতিক এই তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ১০ দিনে ৫ লক্ষের অধিক বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করছে।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. চলতি এপ্রিল মাসের ২১-৩০ তারিখের মধ্যে এই কর্মসূচি শেষ করতে হবে।
২. কৃষি বিশেষজ্ঞ ও সরকারের কৃষি বিভাগ থেকে প্রয়োজনীয় নির্দেশনা ও সহযোগিতা নিয়ে উপযুক্ত স্থানে নিয়মমাফিক বৃক্ষরোপণ করবে।
৩. শুষ্ক মৌসুম বিধায় নিয়মিত গাছে পানি দিতে হবে।
৪. রোপণকৃত বৃক্ষের পরিচর্যা করতে হবে।
৫. প্রতিটি উপজেলা ইউনিট এক হাজার এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিট পাঁচ শত বৃক্ষরোপণ করবে।
৬. বৃক্ষরোপণের মাধ্যমে উপজেলা পর্যায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
৭. বৃক্ষরোপণের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মী ও অন্যান্য সাংগঠনিক ইউনিটকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হচ্ছে।

































