নেপাল ও তিব্বতে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ৯১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে কমপক্ষে ৪ হাজার ৭৯৩ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে নেপালে ৪ হাজার ২৪৭ জন এবং তিব্বতে ৫৪৬ জন।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে ৯০৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিক রয়েছেন। তবে তাদের কোন দেশের নাগরিক, তা আলাদাভাবে জানানো হয়নি।
অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতে ৫৪৬ জন নিখোঁজ এবং ১৬ জন মারা গেছেন। নিখোঁজদের মধ্যে অন্তত ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন।
আর ভারতে নেপাল থেকে নেমে আসা নদীগুলোতে সাতটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা বন্যার পানিতে ডুবে মারা গেছেন। তবে এসব মরদেহ এখনো মোট মৃতের তালিকায় যুক্ত করা হয়নি।
নেপালে নিখোঁজ যারা
নেপালে নিখোঁজদের মধ্যে রয়েছেন বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ৯৩৩ জন, নেপালি সেনাবাহিনীর ৪৫ সদস্য, পুলিশ ও সশস্ত্র পুলিশের ৩৮ সদস্য এবং শুল্ক ও অভিবাসন বিভাগের ১৮ কর্মকর্তা।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অন্যদিকে, তিব্বতে ১০৪ জন নেপালি নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সিসিটিভি।
কোন দেশের কত নাগরিক নিখোঁজ
দু’দেশের কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নেপাল ও তিব্বতে নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন—
ভারত: নেপালে ২৭৫ ভারতীয় ও ভারতীয় বংশোদ্ভূত ১২৮ জন নিখোঁজ রয়েছেন। আর তিব্বতে ৪৯ ভারতীয় নিখোঁজ রয়েছেন। তবে চীনের অংশে থাকা প্রায় ৯০০ ভারতীয় নিরাপদে আছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে।
যুক্তরাষ্ট্র: নেপালে প্রায় ৮৫ জন নিখোঁজ; ৯ জনকে উদ্ধার করা হয়েছে। তিব্বতে আরও ১৮ জন নিখোঁজ রয়েছে। কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর খবর জানা নেই।
ইউক্রেন: নেপালে ৬১-৬২ জন নিখোঁজ। তিব্বতে ১ জন।
মালয়েশিয়া: নেপালে ৫১ জন, তিব্বতে ৩ জন।
অস্ট্রেলিয়া: ৪২ জন।
যুক্তরাজ্য: নেপালে ৩৩ জন, তিব্বতে ১৫ জন।
লাটভিয়া: নেপালে ২৯ জন, তিব্বতে ৩৩ জন।
কানাডা: নেপাল ও তিব্বত মিলিয়ে প্রায় ৩০ জন; তিব্বতে ৬ জনের নিখোঁজ থাকার তথ্যও দিয়েছে চীনা গণমাধ্যম।
দক্ষিণ কোরিয়া: ৯ জন পর্যটক নিখোঁজ। আরও ৯ জন জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীর সঙ্গে যোগাযোগ নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সিঙ্গাপুর: ৯ জন।
জার্মানি: নেপালে ৮ জন, তিব্বতে ৩ জন।
রাশিয়া: নেপালে ৯ জন নিখোঁজ, ২ জন উদ্ধার; তিব্বতে ৩ জন নিখোঁজ।
আরও যেসব দেশের নাগরিক নিখোঁজ
নেপাল ও তিব্বতে নিখোঁজ বিদেশিদের মধ্যে আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকার ১০ জন, নিউজিল্যান্ডের ৭ জন, ফ্রান্সের ৬ জন, স্পেনের ৪ জন, হাঙ্গেরির ৪ জন, পর্তুগালের ৪ জন, নেদারল্যান্ডসের ৪ জন, ইতালির ৩ জন, আয়ারল্যান্ডের ৪ জন, কাজাখস্তানের ৪ জন, বেলারুশের ১ জন, ফিনল্যান্ডের ২ জন, ইসরাইলের ১ জন, লিথুয়ানিয়ার ২ জন, ফিলিপাইনের ১ জন, সার্বিয়ার ১ জন, সুইজারল্যান্ডের ১ জন, সুইডেনের ১ জন, ভিয়েতনামের ১ জন এবং এস্তোনিয়ার ২ জন।
তবে বিভিন্ন দেশের সরকার, নেপাল ট্যুরিজম বোর্ড এবং চীনা কর্তৃপক্ষের দেওয়া সংখ্যায় কিছুটা পার্থক্য রয়েছে। উদ্ধার অভিযান ও পরিচয় নিশ্চিত করার কাজ চলায় নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।

































