রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেলের এক কর্মচারী নিহত হয়েছেন। তার নাম মো. রাজু।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার গোবিন্দ গ্রামে। তার বাবার নাম মো. শাহাবুদ্দিন।
জানা যায়, নিহত রাজু মায়ের দোয়া নামে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সকালে রেস্টুরেন্টের পাশে দাঁড়িয়েছিলাম তিনি। এ সময় হঠাৎ পাশের নির্মাণাধীন দশ তলা ভবন থেকে লোহার পাইপ পড়ে রাজু গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
































