চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ মো. হাসান (২২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় আলমগীর হোসেন ফারুক (২৮) ও সাহাব উদ্দিন (৩৩) নামে আরও দুই সন্ত্রাসী পালিয়ে গেছে।
গ্রেফতার হাসান বড় কুমিরা গ্রামের মো. মনছুরের ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান সীতাকুণ্ড থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
ওসি কামাল হোসেন বলেন, সোমবার (১ এপ্রিল) দিনগত রাতে কুমিরা ঘাটঘর এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে তিন সন্ত্রাসী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় হাসান নামের একজনকে দেশীয় তৈরি এলজিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে তিন রাউন্ড তাজা কার্তুুজ উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফারুক ও সাহাব উদ্দিন নামে দুই সন্ত্রাসী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।
































