রাজধানীর হাতিরঝিল থেকে ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন।
নিহতের পিতার নাম ফজলুল কাদের চৌধুরী। তার বাড়ি শাহজাহানপুর এলাকায়। তিনি পরিবারের সঙ্গে থাকতেন। ফয়েজ মানসিক ভারসাম্যহীন ছিলেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, গতকাল রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে অভিমান করে তিনি বাসা থেকে বের হয়ে আসেন। এরপর সারারাত তার কোনো খোঁজখবর ছিল না। সকালে হাতিরঝিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে তার পরিবারকে খবর দেয় থানা পুলিশ।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
তবে এ ঘটনায় ধারণা পুলিশ করছে, ফয়েজ আত্মহত্যা করে থাকতে পারে।

































