কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথসহ (আইস) সংগীতশিল্পী এনামুল কবির রেবেলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৬ এপ্রিল) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এনামুল কবির রেবেল ‘উচ্চারণ’ ব্যান্ডের একজন সংগীতশিল্পী। পুলিশ বলছে, সঙ্গীতের আড়ালে রেবেল মাদককারবারি করত।
শনিবার (২৮ এপ্রিল) দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রাশেদুল ইসলাম এসব তথ্য জানান।
পুলিশের জানান, রেবেল মূলত মাদক ব্যবসায়ী মো. রিপন ওরফে লিটু ওরফে ভাইজানের হয়ে কাজ করত। রেবেলকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যে বাড্ডা এলাকায় মো. লিটুর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে লিটুকে না পাওয়া গেলেও তার বাসা থেকে মাদকসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
রাশেদুল ইসলাম আরও জানান, মূলত লিটুর মাদক ব্যবসায় তার গাড়ি চালক অমি ও রেবেল সহযোগিতা করত। পাঁচ বছরেরও বেশি সময় ধরে লিটুর মাদক ব্যবসায়ে সহায়তা করে আসছিল রেবেল। একটি অনুষ্ঠান থেকে লিটুর সঙ্গে রেবেলের পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।
































