নিজস্ব প্রতিবেদক: শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে বরিশালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১১টায় নগরীর পলাশপুর আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, ভিটামিন এ শিশুদের সুস্থ বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে, সেদিকে সবাইকে বিশেষভাবে নজর দিতে হবে। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুস্বাস্থ্য সুরক্ষার একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বেচ্ছাসেবক, স্বাস্থ্যকর্মী এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এ কর্মসূচিকে শতভাগ সফল করতে হবে। প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।
আরও পড়ুন: https://jagorik.com/%e0%a6%9a%e0%a7%8b%e0%a6
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এবারের ক্যাম্পেইনে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২৩৪টি কেন্দ্রের মাধ্যমে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন বাস্তবায়নে নগরীর ২২০টি অস্থায়ী ও ১৪টি স্থায়ী কেন্দ্র পরিচালিত হচ্ছে। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে কেন্দ্রগুলোতে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শিশুদের অপুষ্টি প্রতিরোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি কার্যকর উদ্যোগ। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।






























