সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতির পদ থেকে সাহাবুদ্দিনের পদত্যাগের কিছুক্ষণ পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
পোস্টে আবু হানিফ দাবি করেন, বিদেশে চিকিৎসার সময় সাহাবুদ্দিন চুপ্পু পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করেছিলেন।
তার ভাষ্য, এই যোগাযোগকে হালকাভাবে দেখার সুযোগ নেই। শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সঙ্গে ওই ফোনালাপের সম্পর্ক থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্য, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং সাহাবুদ্দিন চুপ্পুর কথিত ফোনালাপ একই সূত্রে গাঁথা। এসব ঘটনাকে তিনি ‘দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ’ বলে উল্লেখ করেন।
আবু হানিফের দাবি, পরিস্থিতি অনুধাবন করেই সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি সাবেক এই রাষ্ট্রপতিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
তবে আবু হানিফের উত্থাপিত এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি। এ বিষয়ে সাহাবুদ্দিন চুপ্পুর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


































