পিরোজপুরের কাউখালী উপজেলায় উপজেলা মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার রেনু পোনা উদ্ধার এবং ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার চিরাপাড়া নদীতে পরিচালিত এ অভিযানে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের ১০ হাজার রেনু পোনা এবং প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ বেড়জাল জব্দ করা হয়।
অভিযান শেষে জব্দ করা অবৈধ বেড়জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জীবিত রেনু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়, যাতে দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পায় এবং জলজ সম্পদ সংরক্ষিত থাকে। অভিযানে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদফতর ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নদী ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জাল ব্যবহার এবং রেনু পোনা আহরণের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ ও দেশীয় মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, রেনু পোনা নিধন ও অবৈধ বেড়জালের ব্যবহার দেশীয় মাছের প্রজননে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। এ কারণে নৌ পুলিশের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। উদ্ধার করা রেনু পোনা নদীতে অবমুক্ত করায় প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।































