নারায়ণগঞ্জের ফতুল্লায় পার্কিং থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।
পুলিশ জানায়, গত ২২ জুন নতুন জজ কোর্টের সামনে পার্কিংয়ে রাখা মোহাম্মদ আরিফের ব্যবহৃত ২০০৬ মডেলের একটি টয়োটা এক্স করোলা প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় তিনি ফতুল্লা মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
মামলার তদন্তে উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও এসআই নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের শনাক্ত করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মুক্তার হোসেন (৪৮), মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) এবং আলাউদ্দিন (৩৬)। এর মধ্যে ২৫ জুন রাতে ফতুল্লার দেলপাড়া চিতাশাল এলাকা থেকে মুক্তারকে এবং ২৬ জুন ভোরে কুমিল্লার নাঙ্গলকোট থেকে অপর দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা গাড়ি চোর চক্রের সক্রিয় সদস্য। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া টয়োটা এক্স করোলাসহ একটি নোয়া মাইক্রোবাস ও আরেকটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।































