স্টাফ রিপোর্টার : জনগণের কল্যাণ সাধনই সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। রাজনীতি ক্ষমতা ভোগের কোনো প্রক্রিয়া নয়, বরং জনগণের ভাগ্যোন্নয়নের একটি মাধ্যম বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন : হাদীস শরীফ বিষয়ে সাধারণ জ্ঞান
এসময় তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের কৃষি ও পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। বর্তমান সরকারও সেই পরিবেশবান্ধব চেতনাকে ধারণ করে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক উন্নয়ন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মের মধ্যে শহিদ জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে একটি সামাজিক ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশের সংকটময় সময়ে প্রতিষ্ঠানটি সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক নানা উদ্যোগ গ্রহণ করেছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সভাপতিত্বে ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান এর সঞ্চালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করেন।































