বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটাই তার প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরের অংশ হিসেবে তিনি দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত গৌরনদীতে আসছেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার সকালে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাটাজোর ইউনিয়নের পূন:খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর স্থান পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সরকারি নির্দেশনা এসেছে জানিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম বলেন, আগামী সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে দশটায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পূন:খননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরআগে ২০০৩ সালে তিনি (তারেক রহমান) গৌরনদীতে এসেছিলেন। সেসময় তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খনন করা কুতুবপুর স্বনির্ভর খাল পুন:খননের উদ্বোধন করেছিলেন।
খাল পুন:খননের স্মৃতিচারণ করে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ¦ আবুল হোসেন মিয়া বলেন, ২০০৩ সালে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্বনির্ভর খাল পুন:খননের উদ্বোধন করে স্থানীয়দের উদ্বুদ্ধ করেছিলেন। এসময় আমি তার পাশেই ছিলাম। ২২ বছর পর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারম্যান হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচীতে আসবেন তারেক রহমান। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান জানান, ‘আমরা দলীয়ভাবে জানতে পেরেছি যে আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন। বরিশাল সফরের অংশ হিসেবে গৌরনদীতে বৃক্ষরোপন কর্মসূচীতে অংশগ্রহন করবেন। তার এই সফরকে সফল করতে আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি। উপজেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রী ও আমাদের দলীয় প্রধানের গৌরনদীতে আগমন ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আমাদের বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় প্রধানমন্ত্রীকে বরন করে নিতে বৃহস্পতিবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতি সভা করা হয়েছে।































