কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আসাদুজ্জামান সোহেল (৩২৮) নামের এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২৪ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে কারারক্ষীরা ওই বন্দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, ওই আসামি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন কারা চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মারা যায়। ওই বন্দির বাড়ি খিলক্ষেত ব্যাপারীপাড়া এলাকায়। খিলক্ষেত থানার আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামি ছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
































