রাজধানীর মিরপুর-২ জার্মান টেকনিক্যালের পাশে একটি নির্মাণাধীন ভবনে টাইলসের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জাহিদ হোসেন (২২) নামের টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই মো. উকিল জানান, আমার ভাই এবং আমি টাইলসের কাজ করি। ভাই বিকেলের দিকে টাইলসের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
































