বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী আহতদের ডাকচিৎকার শুনে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকাল ইউনিয়নের জলিলপার গ্রামের রাজ্জাকের চায়ের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন— ওয়াসীম খান (৪৫), পিতা আব্দুল গফুর খান; মোহাম্মদ জসিম খান (৪২), পিতা আব্দুল গফুর খান এবং মনি (৩৫), পিতা দিলীপ ফলিয়া। আহতদের মধ্যে ওয়াসীম খানের মাথায় গুরুতর জখম হয়েছে বলে জানা গেছে।
আহতদের অভিযোগ, বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তাদের কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। হামলাটি হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে আলী হোসেন খান (৫৫), পিতা মৃত হেলাল উদ্দিন খান; আলামিন খান (৩৫), পিতা মৃত মরণ খান; নয়ন মোল্লা (২৩), পিতা অজ্ঞাত এবং হাবিব খান (৫৬), পিতা মৃত জয়নুদ্দিন খানের নাম উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, হামলার সময় আহতদের ডাক-চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ মামলা গ্রহণের পর তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
































