বরিশাল অফিস: ই-রিক্সার বিধিমালা প্রণয়ন না করে বিধিবহির্ভূতভাবে টোকেন নবায়ন, টোকেনের নামে জরিমানা ও মামলা-হয়রানি বন্ধ এবং বিধিমালা প্রণয়নের মাধ্যমে প্রকৃত চালকদের অনুমোদন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিক্সা, ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।
সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সংগঠনের বরিশাল জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বরিশাল জেলা শাখার সংগঠক শহিদ শেখ, মো. মনির, রমজান আকন, আইউব আলী, মো. সাইদুল ইসলাম, আবদুর রাজ্জাক, মো. কবির খান, আবদুল মন্নান ও আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী ই-রিক্সার ব্যবস্থাপনা নীতিমালা, যানবাহনের ডিজাইন নির্ধারণ এবং চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত চালক-মালিকদের অনুমোদন দিতে হবে। যেসব প্রকৃত চালক-মালিক ইতোমধ্যে নবায়ন ফি পরিশোধ করেছেন, তাদের অর্থ সমন্বয়ের দাবি জানান তারা।
আরও পড়ুন: কোম্পানী আইন কি গঠন ও নিগমিতকরণ (দ্বিতীয় খণ্ড)
নেতৃবৃন্দ আরও বলেন, ই-রিক্সার বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত বিধিবহির্ভূত টোকেন নবায়ন এবং ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্সের নামে জরিমানা, মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।
এছাড়া ২০০৯ সালের স্থানীয় সরকার আইনের ষষ্ঠ তফসিল অনুযায়ী সিটি কর্পোরেশনের উদ্যোগে ই-রিক্সার জন্য চার্জিং (রিচার্জ) স্টেশন স্থাপন, পরিবেশবান্ধব উপায়ে ব্যাটারি প্রতিস্থাপন ও বিনষ্ট করার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তারা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যাটারিচালিত যানবাহনের জন্য পার্কিং স্ট্যান্ড এবং চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণেরও দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংগ্রাম পরিষদের প্রস্তাবিত সংশোধনী অন্তর্ভুক্ত করে বিআরটিএর প্রস্তাবিত বৈদ্যুতিক থ্রি-হুইলার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের স্থায়ী লাইসেন্স, রেজিস্ট্রেশন, চালকদের প্রশিক্ষণ এবং রুট পারমিটের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান নেতৃবৃন্দ।































