বরিশালের গৌরনদী পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে ডেকে নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
হাসপাতালে চিকিৎসাধীন পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী শনিবার দুপুরে অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের শ্যাম ঘোষের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় স্থানীয় মিজান এবং তার ছেলে, সিফাত, রিফাত সহ ৮/১০ জন ব্যক্তি এসে তাকে কথা শোনার জন্য দোকান থেকে ডেকে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যায়।
অভিযোগ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছি এই বলেই হামলাকারীরা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এবিষয়ে হামলাকারীদের কোন বক্তব্য পাওয়া যায়নি। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, এঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।































