ঝালকাঠিতে ডেঙ্গু সংক্রমণ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ২৯ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭ জন।
মঙ্গলবার (২১ জুলাই) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ২৯ রোগীর মধ্যে ২৬ জন ঝালকাঠি সদর হাসপাতালে এবং ৩ জন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত জেলায় মোট ৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ৭৭৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে মানুষকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা করাতে হবে এবং বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।































