স্টাফ রিপোর্টার: সরকারি বিএম কলেজের এক শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে থানায় যাওয়ার পথে কলেজের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) নগরীর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে একই দিন দুপুরে সরকারি বিএম কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর কলেজ-সংলগ্ন নতুনবাজার এলাকায় অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সহপাঠী ও স্থানীয়দের সহায়তায় তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
রাব্বির ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সন্ধ্যায় সরকারি বিএম কলেজের কিছু শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা বরিশাল কোতোয়ালি মডেল থানার উদ্দেশ্যে রওনা হন। অভিযোগ রয়েছে, তারা নতুনবাজার এলাকায় পৌঁছালে একই দুর্বৃত্তরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায়।
হামলার সময় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা কোতোয়ালি মডেল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: BCS ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ জানাল পিএসসি
অভিযোগ দায়েরের সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং অতিরিক্ত পুলিশ সুপার অলক শর্মার উপস্থিতিতে শিক্ষার্থীরা পুরো ঘটনার বিবরণ তুলে ধরেন। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সরকারি বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন বলেন, শিক্ষার্থীদের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানাই। ঘটনার পেছনে যদি কোনো স্বার্থান্বেষী মহলের সংশ্লিষ্টতা থাকে, তবে তাদের বিরুদ্ধেও আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। কোনো অপরাধী যেন আইনের আওতার বাইরে থাকতে না পারে, এটাই আমাদের প্রত্যাশা।
এদিকে, বিএম কলেজের একাধিক সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতৃবৃন্দও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




























