পটুয়াখালীর গলাচিপা উপজেলার নলুয়াবাগী এলাকায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বজ্রপাতের সময় মাঠে থাকা মো. নিজাম প্যাদার তিনটি এবং মো. রাহুল মৃধার একটি গরু মারা যায়। এতে মুহূর্তেই বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দুই কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, গবাদিপশুগুলোই ছিল তাদের পরিবারের আয়ের অন্যতম প্রধান অবলম্বন। আকস্মিক এ ঘটনায় তারা দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয়রা বলেন, প্রাকৃতিক দুর্যোগে এমন ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।































