বরিশাল জেলা জামায়াতের সাবেক রুকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বাকেরগঞ্জ উপজেলার ১ নম্বর চরামদ্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী, বরিশাল ইসলামিক ল’য়ার্স কাউন্সিলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাড. জাকির হোসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বরিশাল মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হয়েছেন।
গত ৯ জুলাই এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। অ্যাড. জাকির হোসেনকে ঘিরে এর আগে নানা বিতর্কের সৃষ্টি হয়। গত ১৮ মে স্থানীয় দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় তার বিরুদ্ধে জমি দখল, একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যক্তির অর্থ আত্মসাতের অভিযোগ এবং সাধারণ মানুষকে মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
ওই প্রতিবেদন প্রকাশের পর পত্রিকাটির সিনিয়র সাংবাদিক মুহম্মদ ইমন খন্দকার হৃদয়ের ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একই ঘটনায় পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক এম. লোকমান হোসাইনকেও মারার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর জাকির হোসেন তীব্র সমালোচনার মুখে পড়েন। তার কর্মকাণ্ডের কারণে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। পরে বরিশাল জেলা জামায়াতের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে বলে জানা যায়।
সম্প্রতি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বরাবর একটি পদত্যাগপত্র জমা দেন। ওই চিঠিতে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগের কথা উল্লেখ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বরিশাল জেলা জামায়াতের এক দায়িত্বশীল নেতা বলেন, “তার কর্মকাণ্ড নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই বিব্রত ছিলাম। তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি নিজেকে সংশোধন করেননি। এখন তিনি নিজ থেকেই দল ছেড়ে গেছেন। ফলে জামায়াতের সঙ্গে তার আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। জামায়াত স্বচ্ছ রাজনীতিতে বিশ্বাস করে এবং এখানে অন্যায় বা বিতর্কিত ব্যক্তির কোনো স্থান নেই।” ৎ
এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি দলে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
তাদের মতে, নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির জন্য গ্রহণযোগ্য ও সৎ নেতৃত্ব নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, অ্যাড. জাকির হোসেনের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে। তিনি ১৯৯০ সালে খুলনার অজোগড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। একসময় তিনি সরকারি সুন্দরবন কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পরে তিনি উত্তরা ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।































