পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজের বার্তা ছড়িয়ে দিতে বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ২৯ জুন ২০২৬, সোমবার ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রজেক্টের আওতায় উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এই ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়।
“শিক্ষাঙ্গনে সবুজের বার্তা, সবুজ বাংলাদেশের নবযাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় এবং বানারীপাড়া মাহমুদিয়া মাদ্রাসায় যুগপৎভাবে এই কর্মসূচির আয়োজন করা হয়। আজকের এই পৃথক কর্মসূচিসমূহে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমান, একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর, বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং পৌর প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস শেখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হালদার, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাকসুদা খানম, মাহমুদিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ, সিনিয়র শিক্ষক নিয়াজ মোর্শেদ পলাশ, মাওলানা আনোয়ার হোসেন, কাওসার হোসেন এবং সাংবাদিক মাসুদ হাওলাদার। অনুষ্ঠানগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, গভর্নিং বডির সভাপতি, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
৩ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে চারা রোপণ আজ দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে বিদ্যালয় ও মাদ্রাসা প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মধ্যে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ কর কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্থানে চারা রোপণের পাশাপাশি বানারীপাড়া হাইস্কুলের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সুরক্ষার বার্তা সংবলিত প্লাকার্ড প্রদর্শন করা হয়।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এই সবুজ উদ্যোগ প্রাতিষ্ঠানিক পরিবেশকে আরও সুন্দর, মনোরম ও শিক্ষার্থীবান্ধব করে তুলবে। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ‘লেইস’ প্রকল্পের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে। এ সময় উপস্থিত সকলে পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরেন এবং প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।





























