ওমানে ষাটোর্ধ্ব প্রবাসী কর্মীদের নতুন কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) প্রদান ও নবায়ন স্থগিত করা হয়েছে। দেশটির শ্রম সংক্রান্ত সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর মাধ্যমে চার বছর আগে চালু করা একটি নীতি পরিবর্তন করা হলো, যার অধীনে ৬০ বছর বয়সের পরও প্রবাসীরা বেসরকারি খাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেতেন।
সম্প্রতি বেশ কয়েকজন প্রবাসী কর্মীর নিয়োগকর্তারা জানান, শেষ মুহূর্তে জমা দেওয়া পারমিট নবায়নের আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। এ বিষয়ে দায়িত্বশীল এক প্রবীণ কর্মকর্তাও নিশ্চিত করেছেন যে বর্তমানে ৬০ বছরের বেশি বয়সি বিদেশি কর্মীদের জন্য কাজের পারমিট ইস্যু করা হচ্ছে না।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার একটি নীতি প্রণয়ন করে, যেখানে প্রবাসীদের ৬০ বছরের পর কাজের সুযোগ অবারিত করা হয়েছিল। তখন দেশটির শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়, অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান বহুবার বিশেষ অনুমতির জন্য আবেদন করছিল। ফলে নিয়োগকর্তাদের সুবিধা দিতে এবং উৎপাদিকা শক্তি বাড়াতে সেই নীতি চালু করা হয়—বিশেষ করে যেসব পদে ওমানি নাগরিকদের জন্য বাধ্যবাধকতা ছিল না।
বর্তমানে এই নতুন সিদ্ধান্তের কারণে দীর্ঘদিন ধরে ওমানে থাকা প্রবীণ প্রবাসী কর্মীদের মধ্যে কর্মসংস্থান ও বসবাস নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে প্রবাসীরা আশা করেছিলেন তাদের পারমিট আবার নবায়ন হবে, তারা এখন হঠাৎ করে জটিলতার মুখে পড়েছেন। তবে ওমানের শ্রম মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে এখনো আবেদন সংক্রান্ত কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করে নির্দেশিকা প্রকাশ করা হয়নি।


































