মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে বরিশাল থেকে ঢাকাসহ সব রুটে বাস চলাচল বন্ধের ৩ ঘন্টা পর বিকেল সাড়ে ৪টায় পুনরায় স্বাভাবিক হয়েছে। বরিশাল জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ার পর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ধর্মঘট প্রত্যাহার করে নেন বাস মালিক ও শ্রমিকরা।
এর আগে সোমবার (২৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে টার্মিনালে আটকা পড়েন দূরপাল্লার যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে থ্রি-হুইলার মাহিন্দ্রার চালক-মালিকদের বিরোধ দীর্ঘদিনের। বরিশাল থেকে বিভিন্ন অভ্যন্তরীণ রুটে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায়ই উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় বাসে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিকদের সঙ্গে মাহিন্দ্রাচালকদের বিরোধের সৃষ্টি হয়। পরে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় মাহিন্দ্রাচালকেরা একত্র হয়ে বাস শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তারা ২০টি বাস আটকে রাখেন। এর প্রতিবাদে প্রথমে বরিশাল থেকে অভ্যন্তরীণ ১৪টি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে এর সঙ্গে দূরপাল্লার বাসও যুক্ত হয়।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন বলেন, বানারীপাড়া রুটের বাসে মাহিন্দ্রা চালকেরা সড়ক আটকে বাস শ্রমিকদের সঙ্গে ঝামেলায় জড়ান। প্রথম দিকে শ্রমিকেরা কোনো প্রতিক্রিয়া দেখাননি। পরে পরিস্থিতির কারণে দুপুরে বাস চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন তারা। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসার আশ্বাস পাওয়ায় বিকেল সাড়ে ৪টার দিকে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।






























