ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগের মতোই বহাল রয়েছে এবং এর উৎপাদন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে বলে দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। সম্প্রতি এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি এ কথা জানান।
ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল মহেব্বি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের ক্ষেত্র পরিবর্তন করে অর্থনৈতিক যুদ্ধে লিপ্ত হয়েছে। কারণ সামরিক অঙ্গনে ইরানের যে সক্ষমতা ও শক্তি রয়েছে, তা আজ সবার কাছে স্পষ্টভাবে দৃশ্যমান।
তার এই বক্তব্য থেকে পরিষ্কার যে, আন্তর্জাতিক নানামুখী চাপ ও নিষেধাজ্ঞার পরও ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি অব্যাহত রাখতে বদ্ধপরিকর। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কৌশলকে তারা ইরানের সামরিক শক্তির কাছে পিছু হটার ফল হিসেবেই মনে করছে।

































