পটুয়াখালীর আলোচিত দেড় বছরের শিশু মুসা এখন ফিরে পেয়েছে তার দাদা-দাদির নিরাপদ আশ্রয়। তবে ভয়াবহ ঘটনার ক্ষত পেরিয়ে তার ভবিষ্যৎ কী হবে? সেই চিন্তায় এবার পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩১ আগস্ট) সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান জানান, শিশু মুসার নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলাসহ দীর্ঘমেয়াদি সুরক্ষার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ সময় তিনি শিশুটির দাদা মফিজ মুন্সী ও দাদি মাহফুজা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এর আগে রোববার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অভিযোগ রয়েছে, পারিবারিক কলহের জেরে এক মাস আগে শিশুটির মা বাবার বাড়ি চলে গেলে মুসাকে ‘ঘুরতে নিয়ে যাওয়ার’ কথা বলে বের হন তার বাবা মারুফ মুন্সী। পরে এক লাখ টাকায় শিশুটিকে বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
ঘটনাটি প্রকাশ্যে এলে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। অভিযুক্ত বাবাকে আটক করা হয়েছে। ইউএনও বলেন, মুসার ভবিষ্যৎ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও স্থানীয় সুধীজনের সহায়তায় একটি তহবিল গঠনের কাজ চলছে।































