রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় কুকুরে কামড়ে ক্ষতবিক্ষত করেছে মোছা. মাহিনুর খাতুন (৫) নামে এক শিশুকে।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বিকেল সাড়ে ৩টার দিকে। শিশুটি সেখানে চিকিৎসাধীন।
শিশুর মামা মো. মাসুদ জানান, দুপুরের দিকে আমার বোনের মেয়ে বাসার পাশের রাস্তায় খেলছিল। এসময় রাস্তা দিয়ে একটি পাগলা কুকুর তাকে দেখতে পেয়ে ধাওয়া করে। তার মাথা-মুখ ও ডান হাতে কামড়িয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে আমরা বাসা থেকে বের হয়ে দেখি রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে হাসপাতালের ৯৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
































