স্টাফ রিপোর্টারঃ বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে, যা তারা কোনোভাবেই মেনে নেবেন না। তাদের দাবি, একজন সৎ, যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দিতে হবে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার শিক্ষার্থীরা বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে ডা. মনিরুজ্জামানের জন্য নির্ধারিত কক্ষের দরজায় তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।
এ বিষয় বিএম কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, যার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, তাকে বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, বিতর্কমুক্ত ও সৎ কর্মকর্তাকে সিভিল সার্জন হিসেবে নিয়োগ দেওয়া হোক।
আরেক শিক্ষার্থী লাবণ্য আক্তার বলেন, বরিশালের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রাখে। বিতর্কিত কর্মকর্তাকে অপসারণ করে জনস্বার্থে নতুন সিভিল সার্জন নিয়োগ দিতে হবে। আমাদের এই আন্দোলন জনস্বার্থেই।
শিক্ষার্থী নাঈম ইসলাম বলেন, ফ্যাসিস্ট আমলে তিনি শিক্ষার্থীদের ওপর জুলুম করেছেন। এমন জুলুমবাজ ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে বরিশালের মাটিতে দেখতে চাই না।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা দ্রুত ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের অপসারণ এবং একজন যোগ্য ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে বরিশালের সিভিল সার্জন হিসেবে নিয়োগের দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এসময় বরিশালের স্বাস্থ্যসেবা খাতকে দুর্নীতিমুক্ত ও জনমুখী করার লক্ষ্যেই তাদের এ আন্দোলন। জনস্বার্থে সবাইকে এ দাবির সঙ্গে সংহতি প্রকাশেরও আহ্বান জানান শিক্ষার্থীরা।




































