স্টাফ রিপোর্টার: সমাজ থেকে বৈষম্য ও অবহেলা দূর করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্যোগের অংশ হিসেবে তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে বরিশাল সিটি কর্পোরেশনে চাকরি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) বিকেল ৫টায় বরিশাল নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অভির হাতে নিয়োগপত্র তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
নিয়োগপত্র হস্তান্তর অনুষ্ঠানে প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় সম্পৃক্ত করা এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, উপযুক্ত সুযোগ ও পরিবেশ পেলে তারাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।

চাকরি পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়ায় মাইদুল ইসলাম অভি বলেন, আমাদের মতো মানুষকে প্রতিনিয়ত অবহেলা ও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি স্থায়ী কর্মসংস্থান আমার জীবনে নতুন আশার দুয়ার খুলে দিয়েছে। এখন আমি সম্মানের সঙ্গে নিজের জীবন পরিচালনা করতে পারব। এ সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
সংশ্লিষ্টরা মনে করছেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বরিশাল সিটি কর্পোরেশনের এ উদ্যোগ ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।































