ইউসুফ আহমেদ: ভোলার লালমোহন পৌর শহরের ওয়েস্টার্নপাড়া ডাকবাংলো সড়কের উপর অবস্থীত ঝুঁকিপূর্ণ সেতুটি সংস্কার ও নিরাপদ চলাচলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় ওই সেতুর ওপর ‘আমরা ওয়েস্টার্ন পাড়া এলাকাবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাকবাংলো সড়কের উপর অবস্থীত এই সেতুটি অতিরিক্ত উঁচু হওয়ায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেতুটির ঢাল বেশি উঁচু হওয়ায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং অনেকে আহত হয়েছেন।
বক্তারা আরও জানান, সেতুর পাশেই লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা অবস্থিত। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করে। পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা সবসময় দুর্ঘটনার আতঙ্কে থাকে। দ্রুত সেতুটি সংস্কার করে চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশারফ হোসাইন, লালমোহন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আমজাদ হোসেন আলম, ফরাজগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল বাশার সেলিম এবং ভোলা নাজিউর রহমান কলেজের অধ্যাপক মো. কামাল হোসেন শাহিন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নিয়াজ মাহমুদ কাজী সাইফুল্লাহ, মাদ্রাসার অধ্যাপক মাওলানা ফিরোজ মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।































