ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক সহিদের মমতাময়ী মা মঙ্গলবার (১৪ জুলাই ) ভোর ৪টা ০৫ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন।
মরহুমার পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নলছিটি ও ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমার প্রথম জানাজা নামাজ আজ সকাল ১০টায় ঢাকার মাদারটেকে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এরপর মরহুমার মরদেহ ঢাকা থেকে তাঁর গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে নিয়ে আসা হয়। বাদ আছর নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের বৈশাখীয়া বড়বাড়ি প্রাঙ্গণে মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বৈশাখীয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
নলছিটি উপজেলা বিএনপির শীর্ষ নেতার মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় উপজেল বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।সুজন -সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সভাপতি ও প্রবীন সাংবাদিক মো:খলিলুর রহমান মৃধা মরহুমার রুহের মাগফেরাত কামনা করছেন।































