ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের বিরোধের জেরে মো. নূর ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পুলিশ আবু জাফর (৫৮) নামে একজনকে আটক করেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের বাদলীপুর ২ নম্বর ওয়ার্ডের বদ্দি হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নূর ইসলাম তার রান্নাঘর নির্মাণের কাজ শুরু করলে প্রতিবেশী আবু জাফর ও তার স্ত্রী এতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও বাগ্বিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে নূর ইসলাম অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী তাকে ঘরের ভেতরে নিয়ে যান। পরে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর তজুমদ্দিন থানা পুলিশ আবু জাফরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে নিহতের স্ত্রী অলুফা বেগম বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা হয়েছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।































