পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) সকাল ৮ টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ছাত্রনেতা শরীফ তৌসিফুর রহমান রাফার সৌজন্যে আয়োজিত এ ক্যাম্পে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চোখ পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ নেন।
ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন বরিশাল আধুনিক চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আরিফুজ্জামান (এমবিবিএস)। তিনি রোগীদের চোখের বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়মিত চোখের যত্ন নেওয়া এবং জটিলতা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।
আয়োজক শরীফ তৌসিফুর রহমান রাফা ক্যাম্পের কার্যক্রম তদারকি করেন। তিনি বলেছেন , অর্থনৈতিক কারণে অনেক মানুষ প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
ক্যাম্পে সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা রাকিব হোসেন বলেছেন, এলাকায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরামর্শের সুযোগ পেয়ে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেন তিনি।
দিনব্যাপী ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন স্থানীয় বাসিন্দারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।































