বরিশালের আগৈলঝাড়ায় বাঁশ কাটা ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষে লোকজন হামলা চালিয়ে ঘর ভাংচুর করে নাজমুল ভুইয়া নামে এক ব্যক্তিকে নির্যাতন করে গুরুতর আহত করা হয়েছে। গুরুতর আহত হয়ে নাজমুলকে ঢাকার একটি চিকিৎসা ভর্তি করা হয়েছে। তার মা মমতাজ বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের বেলুহার গ্রামের ধরাধর দীঘি লিজ নিয়ে স্বপন ভুইয়া, জালাল ভুইয়া, লাবু শরীফ সম্প্রতি নাজমুল ভুইয়াদের বাঁশ কেটে দেয়। নাজমুল ভুইয়াদের জায়গার বাঁশ কাটার কারনে তাদের গালমন্দ করে নাজমুল। গালমন্দ করায় স্বপন ভুইয়া, লাবু শরীফ, জালাল ভুইয়াসহ ১০-১৫ জনের একটি দল ২৫ জুন রাতে নাজমুলদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা এক পর্যায় তাদের ঘর ভাংচুর করে নাজমুল ভুইয়াকে ধরে নিয়ে যায়।
এই সন্ত্রসী দল নাজমুলকে কাজীরহাট নিয়ে শারীরিক নির্যাতন করে গুরুতর অবস্থায় ফেলে রাখে। পরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ গিয়ে ওই রাতে নাজমুলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার মুগ্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখনও গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে নাজমুল। এ ঘটনায় নাজমুলের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকাল মঙ্গলবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে অভিযুক্তরা জানান, দীঘির পারে বাঁশ কাটা শ্রমিকদের চাইনিজ কুড়াল নিয়ে ধাওয়া করায় স্থানীয় তাকে মারধর করেছে।
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান সাংবাদিকদের বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এক এসআইকে অভিযোগটি দেওয়া হয়েছে।





























