বরিশাল অফিস: দীর্ঘদিন আত্মগোপনে থাকার পরও শেষ পর্যন্ত র্যাব-৮-এর অভিযানে গ্রেফতার হয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আজিম হাওলাদার (৩১)।
মঙ্গলবার রাজধানীর মতিঝিল থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার (পিপিএম-সেবা) মো. কামরুজ্জামান।
র্যাব সূত্রে জানা গেছে, সিপিএসসি বরিশাল এবং র্যাব-১০ সদর কোম্পানি, কেরানীগঞ্জের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আজিম হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. ইসলাম ওরফে ইসমাইল।
আরও পড়ুন: বাংলা ও ইরেজিতে 304টি পাখির নাম
র্যাব জানায়, পিরোজপুরের ভান্ডারিয়া থানার মামলা নং-১০ (তারিখ: ১৭ মে ২০০৮) নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩) এর ধারা-৭ অনুযায়ী দায়ের করা হয়েছিল। মামলার বিচার শেষে আদালত আজিম হাওলাদারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন, যা ভান্ডারিয়া থানায় কার্যকর ছিল। দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব-৮ পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে অবশেষে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আজিম হাওলাদারকে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।































