বরিশালের উজিরপুরে বাসের ধাক্কায় মোশাররফ হোসেন (৬১) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার জয়শ্রী বন্দরের সাজু পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম।
নিহত মোশাররফ হোসেন উজিরপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএমএফ পরিবহণের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-৭২৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে দুটি অটোরিকশা ও একটি ট্রাককে (যশোর-ট-১১-২৯৩৬) পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিরও আংশিক ক্ষতি হয়েছে।
দুর্ঘটনায় বাস ও রিকশার ছয়জন যাত্রী আহত হন। পরে থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিকশাচালক মোশাররফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। অন্য তিনজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি হাইওয়ে পুলিশ তদারকি করছে।’ এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি।































