পটুয়াখালীর বাউফলে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ হিসেবে চাল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার কালাইয়া ইউনিয়ন ও নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ত্রাণ বিতরণ শেষে সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন বলেন, “স্প্রেইড হিউম্যানিটি প্রতিষ্ঠালগ্ন থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছে। প্রতিষ্ঠাতা ও সভাপতি রুহুল আমিনের নির্দেশনায় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যে আমাদের সামর্থ্য অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সবাই আমাদের পাশে থাকবেন।”
এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের দপ্তর সম্পাদক সাইমন গাজী, সহ-অর্থ সম্পাদক বায়েজিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য আরাফাত ইসলাম, সদস্য শাফিন আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক এ কার্যক্রমে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান চাইলে আর্থিক সহায়তার মাধ্যমে এই উদ্যোগে অংশ নিতে পারবেন। তাদের সহযোগিতায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ ও সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে।































