নগদ টাকার পরিবর্তে নিরাপদ ও দ্রুত ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে পটুয়াখালীর বাউফলে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বাংলা কিউআর (QR) কোডের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
বাউফল পাবলিক মাঠে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। বক্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থার মাধ্যমে সহজ, নিরাপদ ও ঝামেলামুক্ত লেনদেন নিশ্চিত হবে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, কিউআর কোড ব্যবহারে নগদ অর্থ বহনের ঝুঁকি, জাল নোট ও খুচরা টাকার সমস্যাও কমবে।
পূবালী ব্যাংক জানিয়েছে, তাদের অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা সহজেই কিউআর স্ক্যানের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে এ উদ্যোগ স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও আধুনিক আর্থিক সেবার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।































