ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে মো. সজিব হোসেন (২২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার মনিরাম বাজারসংলগ্ন বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব হোসেন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডাওড়ী সরকারি আবাসন এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত ইসমাইল হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব ট্রাক্টর নিয়ে ভোলা থেকে লালমোহনের উদ্দেশে রওনা দেন। পথে মনিরাম বাজারসংলগ্ন বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে ট্রাক্টরটি সড়কের পাশে উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাক্টরে থাকা হেলপার গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।































