ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩৪ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। চালগুলো জব্দ করে সরকারি হেফাজতে রাখা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মুদি ব্যবসায়ী জসিম সর্দ্দারের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। এ চালগুলো কীভাবে সেখানে মজুত করা হয়েছে, তা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সাতানী বাজারের মুদি ব্যবসায়ী জসিম সর্দ্দার তার বাড়িতে বিপুল পরিমাণ সরকারি ভিজিএফের চাল মজুত করে রেখেছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির একটি খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ ও ৫০ কেজি ওজনের মোট ৩৪ বস্তা চাল উদ্ধার করা হয়।
উদ্ধার করা চালগুলো সরকারি হেফাজতে রাখা হয়েছে। চালগুলো কীভাবে সেখানে এলো এবং এ ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযুক্ত ব্যবসায়ী জসিম সর্দ্দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী দাবি করেন, তাদের মুদি দোকান রয়েছে। ভিজিএফ কার্ডধারীদের কাছ থেকে নগদ টাকায় চালগুলো কিনে দোকানে বিক্রির উদ্দেশ্যে বাড়িতে রাখা হয়েছিল।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক বলেন, খবর পেয়ে আমরা চালগুলো উদ্ধার করে সরকারি হেফাজতে রেখেছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। কীভাবে সরকারি ভিজিএফের চাল সেখানে মজুত হলো, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়। অভিযান থেকে সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। পরে চালগুলো উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।































