পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে বালা বাড়ি এলাকার দীর্ঘদিনের ভাঙা কালভার্টটি অবশেষে সংস্কার করেছে স্থানীয় প্রশাসন।
সম্প্রতি কালভার্টটি ভেঙে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীসহ দুই ওয়ার্ডের শত শত মানুষ চরম দুর্ভোগের মধ্যে চলাচল করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে সমস্যাটি।
সংবাদ প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে কালভার্টটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলে। কালভার্টটি সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ায় মঠবাড়িয়া উপজেলা প্রশাসন ও বড়মাছুয়া ইউনিয়ন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের আন্তরিকতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।































