ঝালকাঠির নলছিটিতে গাঁজাসহ জনৈক ছাত্রনেতা রুবেল (২৮) কে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করে। এছাড়াও পুলিশ ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারির নাম হাসিবুর রহমান (৩৫)। তাকে কালিজিরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, নলছিটি শহরের সবুজবাগ এলাকায় গাঁজাসেবনের সময় রুবেলকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে তাকে ছাড়ানোর জন্য তদবির করে পরিবারের লোকজন। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কোন তদবিরেই তাকে ছেড়ে না দিয়ে আদালতে পাঠায়।
এ দিকে নলছিটি থানা পুলিশ ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালিজিরা এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে মাদক কারবারি হাসিবুর রহমানকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। হাসিবুর রহমান বরিশালের জাগুয়া এলাকার আব্দুল লতিফ হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, আটককৃতদের নামে মামলা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সদ্য যোগদান করা ওসি নলছিটি তে আসার পর মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তাঁকে সাধুবাদ জানিয়েছেন সুজন – সুশাসনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটি সভাপতি মো:খলিলুর রহমান মৃধা।































