কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও বিজিবির পৃথক অভিযানে ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৪ লাখ ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়েছে।
আটক নেচারুল ইসলাম হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নেচার পার্ক এলাকার বাসিন্দা। তার কাছ থেকে মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
নেচারুল চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের নবাব মিয়ার ছেলে। বৈবাহিক সম্পর্কের পর তিনি চকরিয়া থেকে টেকনাফের নেচার পার্ক এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মিয়ানমার থেকে ক্রিস্টাল মেথের একটি বড় চালান শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর গোলারচর হয়ে বাংলাদেশে প্রবেশ করবে—এমন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর পক্ষ থেকে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঝাউবনের মধ্যে পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে পলিথিনের ভেতরে চায়ের প্যাকেটে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার আরও জানান, টেকনাফের কেরনতলী এলাকায় গত রোববার সন্ধ্যায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৫ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও মোবাইল ফোনটিও জব্দ করা হয়। জব্দ করা আলামত ও আটক মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
অপরদিকে, উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধীন হ্নীলা বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান করছিল। রাতে তিন সন্দেহভাজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়ে।
পরে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি বস্তার মধ্যে খাকি রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা ৪০ কাট, অর্থাৎ ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম সোমবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।



































