‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি’ (লেইস) প্রকল্পের আওতায় আজ ২৮ জুন ২০২৬, রবিবার বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাইফুর রহমান (মিন্টু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ আলমগীর হোসেন এবং সৈয়দ বজলুল হক কলেজের সহকারী অধ্যাপক কাইয়ূম আকন, বানারীপাড়া প্রেসক্লাবের সিনিয়র সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম শফিক ও প্রেসক্লাবের সদস্য মোঃ মাসুদ হাওলাদার।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ শাহে আলম, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ লিটন, মোঃ বাবর আলী ও মোঃ কিবরিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে পরিবেশ সচেতনতা ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের আঙিনায় এই সবুজায়ন একদিকে যেমন ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি করবে, অন্যদিকে শিক্ষার্থীদের গাছ ও প্রকৃতির প্রতি যত্নশীল হতে উদ্বুদ্ধ করবে।





























